নিউ জিল্যান্ডের কাছে হার ‘চোক’ নয়, ‘ভরাডুবি’
৫ মার্চ ২০২৬
কলকাতার ইডেন গার্ডেনে বুধবার টি–টুয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটের হারের পর দক্ষিণ আফ্রিকা কোচ শুকরি কনরাড বলেছেন, এটি ‘চোক’ নয়, বরং ছিল পুরোপুরি ‘ভরাডুবি’।
২০২৪ সালের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা এই টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দল হিসেবেই ম্যাচে নেমেছিল। তাদের টানা সাত জয়ের মধ্যে গ্রুপ পর্বে নিউ জিল্যান্ডকে সাত উইকেটে হারানোর জয়ও ছিল।
কিন্তু সেমি-ফাইনালে চিত্র বদলে দেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। ৩৩ বলে অপরাজিত সেঞ্চুরি করে সাত ওভারেরও বেশি বাকি থাকতে দলকে বিশাল জয় এনে দেন তিনি।
৫০ ওভারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা কখনো সেমি-ফাইনাল পেরোতে পারেনি। তাই আবারও ‘চোকার’ তকমা ফিরে আসতে পারে বলে মনে করছিলেন কনরাড।
সাংবাদিকদের তিনি বলেন, “আজকের ম্যাচটা চোক ছিল না। এটা ছিল একেবারে ভরাডুবি।”
তিনি আরও বলেন, “চোক করতে হলে অন্তত ম্যাচে জয়ের কোনো সম্ভাবনা থাকতে হয়। আমাদের তো সেই সম্ভাবনাই ছিল না।”
“আজ আমরা সত্যিকারের একটা ‘স্নটক্লাপ’ খেয়েছি।” পরে তিনি আফ্রিকান্স শব্দটির ব্যাখ্যা দিয়ে বলেন, এর অর্থ ‘একেবারে চরম মার’।
“অনেকেই হয়তো আবার আমাদের নিয়ে সমালোচনা শুরু করবে। কিন্তু আমরা এই টুর্নামেন্টে অনেক বিশেষ কাজও করেছি। আমি দলটিকে নিয়ে গর্বিত। টুর্নামেন্টের আগে আমাদের ফর্ম দেখে খুব বেশি মানুষই ভাবেনি আমরা সেমি-ফাইনাল পর্যন্ত যেতে পারব।”
"আমরা দেশ ছাড়ার সময় যে ফর্মে ছিলাম, তা দেখে আমি মনে করি না খুব বেশি মানুষ আমাদের সেমি-ফাইনালে ওঠার সুযোগ দেখেছিল। তবে এটাও কোনো সান্ত্বনা নয়।”
কনরাডের মতে, নিউ জিল্যান্ড দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ৮ উইকেটে ১৬৯ রানে আটকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
“ওরা আমাদের কোনো সুযোগই দেয়নি। বিশেষ করে ওই কন্ডিশনে তাদের স্পিনাররা অসাধারণ বোলিং করেছে।”
“টস জিততে পারলে ভালো হতো, কিন্তু সেটাকে অজুহাত বানানো যাবে না। আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোরের কাছাকাছিও যেতে পারিনি।”















মন্তব্য করুন: