বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিল আইসিসি
২৪ জানুয়ারি ২০২৬
প্রায় তিন সপ্তাহ ধরে চলা আলোচনার পরও ভারতে গিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। সুযোগ দেওয়া হয়েছে স্কটল্যান্ডকে।
শনিবার এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফলে বাংলাদেশের বদলে ‘সি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির সঙ্গে খেলবে স্কটিশরা।
আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড।
গত বুধবার অনলাইনে আইসিসির বোর্ড সভায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কাতে নেওয়ার আবেদন খারিজ হয়ে যায়। ফলে বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হতো লিটন দাসের দলকে। না গেলে অন্য দলকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে সরকারের সঙ্গে আলোচনা করে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে এক দিনের সময় দিয়েছিল আইসিসি। এরপর বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আবারও জানান, নিরাপত্তা ঝুঁকির কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বিবৃতিতে আইসিসি জানায়, ২৪ ঘণ্টার বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিসিবির তরফ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এছাড়া টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে বিসিবির অনুরোধগুলো পূরণ করা সম্ভব ছিল না।
“তিন সপ্তাহেরও বেশি সময় ধরে স্বচ্ছ এবং গঠনমূলক পদ্ধতিতে পরিচালিত একাধিক আলোচনার মাধ্যমে আইসিসি বিসিবির সাথে যুক্ত ছিল, যার মধ্যে ভিডিও কনফারেন্স এবং সরাসরি অনুষ্ঠিত বৈঠক উভয়ই অন্তর্ভুক্ত ছিল।”
“এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিসিবির উল্লেখ করা উদ্বেগগুলো আইসিসি পর্যালোচনা করেছে। অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশেষজ্ঞদের কাছ থেকে স্বতন্ত্র নিরাপত্তা মূল্যায়নের নির্দেশ দিয়েছে এবং তা বিবেচনা করেছে।”
“আইসিসির মূল্যায়ন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এই ফলের প্রেক্ষিতে আইসিসি নির্ধারণ করেছে যে, টুর্নামেন্টের প্রকাশিত সময়সূচি সংশোধন করা ঠিক হবে না।”
গত ৪ জানুয়ারি নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু ভারত থেকে সরানোর জন্য আইসিসিকে চিঠিও দেয় দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।
বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যেতে না চাওয়ার ঘটনার সূত্রপাত হয় মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। ভারতের কিছু রাজনৈতিক নেতা ও উগ্রবাদী ধর্মীয় নেতাদের দাবির মুখে গত ৩ জানুয়ারি বিসিসিআইয়ের নির্দেশে বাঁহাতি এই পেসারকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স।















মন্তব্য করুন: