আতলেতিকোর কাছে বড় হার বার্সার জন্য ‘সতর্কবার্তা’
১৩ ফেব্রুয়ারি ২০২৬
কোপা দেল রে সেমি-ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ৪–০ গোলে বার্সেলোনার লজ্জাজনক হারকে ‘সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করে এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির কোচ হানসি ফ্লিক।
বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠে আতলেতিকো বর্তমান চ্যাম্পিয়নদের এই মৌসুমের সবচেয়ে বড় হার উপহার দেয়। ফলে ফিরতি লেগে কাম্প নউয়ে বার্সেলোনার সামনে এখন কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
ম্যাচ শেষে মূল্যায়নে খোলামেলা ছিলেন ফ্লিক। দলের সমন্বয়ের অভাব নিয়ে হতাশা প্রকাশ করলেও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
“দেখুন, আমরা দল হিসেবে ভালো খেলিনি। আর দল হিসেবে ভালো না খেললে পারফরম্যান্সও ভালো হয় না। খেলোয়াড়দের মধ্যে দূরত্ব ছিল বেশি। চাপ প্রয়োগের ঘাটতি ছিল।”
“কখনো কখনো এমন শিক্ষা নেওয়া ভালো। আজকেরটা ছিল সতর্কবার্তা, কঠিন হার। আমাদের এই শিক্ষা মেনে নিতে হবে।”
জার্মান এই কোচ স্বীকার করেন, শুরু থেকেই তার দল পিছিয়ে ছিল। তবে বিরতির পর কিছুটা উন্নতি দেখেছেন তিনি।
“প্রথম মিনিট থেকেই আমরা ভালো খেলিনি। আমাদের দল তরুণ, কিন্তু এটা কোনো অজুহাত নয়। দ্বিতীয়ার্ধ ভালো ছিল… কিন্তু আমরা লড়ব। আমাদের সামনে দুই অর্ধ আছে—প্রতিটি অর্ধে দুইটি করে গোল করতে হবে।”















মন্তব্য করুন: