৪৯৬ রান ও ৩৬ ছক্কার ম্যাচে ওলট-পালট টি-টুয়েন্টির রেকর্ড বই
১ ফেব্রুয়ারি ২০২৬
ঈশান কিশান ও সূর্যকুমার যাদবের ব্যাটিং তাণ্ডবে শুরু হওয়া ঝড় টেনে নিয়ে গেলেন ফিন অ্যালেন। বেধড়ক পিটুনিতে অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখালেন যশপ্রীত বুমরাহ। ভারত ও নিউ জিল্যান্ডের পঞ্চম টি-টুয়েন্টিতে চার-ছক্কার ফুলঝুড়িতে ওলট-পালট হয়েছে রেকর্ড বইয়ের পাতায়।
শনিবার তিরুবনন্তপুরমে সিরিজের পঞ্চম ও শেষ টি-টুয়েন্টিতে ৫ উইকেটে ২৭১ রান তোলে ভারত। টি-টুয়েন্টিতে এটি দেশটির তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আর নিউ জিল্যান্ডের বিপক্ষে যেকোনো দলের সর্বোচ্চ। এছাড়া আন্তর্জাতিক টি-টুয়েন্টির প্রথম দল হিসেবে চারবার আড়াইশর বেশি দলীয় সংগ্রহের রেকর্ড গড়ল ভারতীয়রা।
বিশাল লক্ষ্য তাড়ায় নিউ জিল্যান্ডের ইনিংস থামে ২২৫ রানে। পুরো ম্যাচে মোট রান হয় ৪৯৬, যা আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে হয়েছিল সর্বোচ্চ ৫১৭ রান। ক্যারিবিয়ানদের দেওয়া ২৫৯ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে তাড়া করেছিল প্রোটিয়ারা।
এদিন ২৩টি ছক্কা হাঁকান ভারতীয় ব্যাটাররা, যা টি-টুয়েন্টিতে যৌথভাবে তাদের সর্বোচ্চ। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গেও সমান সংখ্যাক ছক্কা হাঁকিয়েছিল তারা। এক ইনিংসে ভারতের চেয়ে বেশি ছক্কা হাঁকানোর ঘটনা ঘটেছে তিনবার। তবে সেগুলোতে আইসিসির দুটি পূর্ণ সদস্য দেশ মুখোমুখি হয়নি। গত ডিসেম্বরে ক্রোয়েশিয়ার বিপক্ষে সর্বোচ্চ ২৯টি ছক্কা হাঁকায় স্পেন।
লক্ষ্য তাড়ায় ১৩টি ছক্কা হাঁকায় নিউ জিল্যান্ড। ফলে ম্যাচে মোট ছক্কা হয় ৩৬টি, যা দুটি পূর্ণ সদস্য দেশের মধ্যে অনুষ্ঠিত ম্যাচের মধ্যে সর্বোচ্চ। আর আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ। গত বছর জুলাইয়ে সর্বোচ্চ ৪১টি ছক্কা হয়েছিল বুলগেরিয়া ও জিব্রাল্টার ম্যাচে।
সিরিজের পাঁচ ম্যাচে মোট ৬৯টি ছক্কা মেরেছে ভারত, যা দ্বিপাক্ষিক সিরিজে বিশ্বরেকর্ড। আগের রেকর্ড ছিল ৬৪টি। ২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ এবং গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া এই রেকর্ড গড়েছিল।
৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ঈশান, যা নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্রুততম। আগের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার কুশল পেরেরার ৪৪ বলের সেঞ্চুরি।
৩০ বলে ৬৩ রানের ইনিংস খেলার পথে ৩ হাজার রান পূর্ণ করেন ভারত অধিনায়ক সূর্যকুমার। সবচেয়ে কম ১ হাজার ৮২২ বল খেলে এই মাইলফলকে পৌঁছান তিনি। বলের হিসেবে দ্রুততম ৩ হাজার রানের আগের রেকর্ড ছিল সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিমের। তার লেগেছিল ১ হাজার ৯৪৭ বল।
লক্ষ্য তাড়ায় কিউইদের উড়ন্ত সূচনা এনে দেওয়া অ্যালেন একাই পাওয়ারপ্লেতে করেন ৫৭ রান। ভারতের বিপক্ষে কোনো ব্যাটারের পাওয়ারপ্লেতে এটি সর্বোচ্চ রানের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল লিটন দাসের। ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেইডে বাংলাদেশের ওপেনার করেছিলেন ৫৬ রান।
বল হাতে ৫ উইকেট নেওয়া আর্শদীপ খরচ করেন ৫১ রান। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে পঞ্চাশ বা তার বেশি রান দিয়ে কোনো বোলারের ৫ উইকেট পাওয়ার ঘটনা এটিই প্রথম।
৪ ওভারে ৫৮ রান দেন বুমরাহ। ডানহাতি এই পেসারের পুরো টি-টুয়েন্টি ক্যারিয়ারেই এটি খরুচে বোলিংয়ের রেকর্ড। এর আগে ২০২১ সালে আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪ ওভারে ৫৬ রান দিয়েছিলেন এই তারকা পেসার। আর আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২০২২ সালে এর আগে সবচেয়ে বেশি রান দিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, ৪ ওভারে ৫০ রান।
এই ম্যাচের ১৪তম ওভারে ২২ রান দেন বুমরাহ, যা আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তার এক ওভারে সর্বোচ্চ। ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক ওভারে ২০ রান দিয়েছিলেন তিনি।















মন্তব্য করুন: