হোল্ডার ও হোপের নৈপুণ্যে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
১৫ ফেব্রুয়ারি ২০২৬
জেসন হোল্ডারের চার উইকেট এবং শাই হোপের ফিফটিতে নেপালকে ৯ উইকেটে হারিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে জায়গা করে নিয়েছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার দিপেন্দ্র সিং আইরির ৫৮ ও সোমপাল কামির অপরাজিত ২৬ রানে নেপাল ১৩৪ রানের লক্ষ্য দাঁড় করায়। তবে ওয়েস্ট ইন্ডিজ টানা তৃতীয় জয় তুলে নেয় ২৮ বল হাতে রেখেই।
পেসার হোল্ডারের দারুণ বোলিংয়ে ভিত গড়ে দেওয়ার পর অধিনায়ক হোপ (৪৪ বলে অপরাজিত ৬১) ও শিমরন হেটমায়ার (৩২ বলে অপরাজিত ৪৬) সহজেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এই হারে টুর্নামেন্টের পরের পর্বে ওঠার আশা শেষ হয়ে যায় নেপালের।
চার মাস আগে শারজাহতে দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২–১ ব্যবধানে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচে নামে নেপাল। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে ইংল্যান্ড ও ইতালির কাছে হেরে তারা এই ম্যাচে প্রথম জয়ের খোঁজে ছিল তারা।
টেবিলের শীর্ষে থাকা ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে নেপালকে ব্যাট করতে পাঠালে শুরু থেকেই ধাক্কা খায় তারা। ছয় ওভারে ৩ উইকেটে মাত্র ২২ রান তোলে নেপাল, যা এবারের আসরের সর্বনিম্ন পাওয়ারপ্লে সংগ্রহ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি নেপাল। তবে আইরি ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেন এবং কামি শেষ দিকে কিছু দারুণ শটে দলকে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রানে নিয়ে যান।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে ১৩৪ (হোপ ৬১*, হেটমায়ার ৪৬*) বনাম নেপাল ৮ উইকেটে ১৩৩ (আইরি ৫৮, হোল্ডার ৪–২৭, ফোর্ড ১–১০) — ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী















মন্তব্য করুন: