শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের

২২ ফেব্রুয়ারি ২০২৬

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের

ফিল সল্টের ফিফটির পর লোয়ার অর্ডারদের সহযোগিতায় দেড়শর কাছাকাছি সংগ্রহ গড়েছিল ইংল্যান্ড। লক্ষ্য তাড়ায় স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে সেটিই পাহাড়সম হয়ে ওঠে শ্রীলঙ্কার জন্য। ৫১ রানের বড় জয়ে সুপার এইটের অভিযান শুরু করেছে হ্যারি ব্রুকের দল।

রোববার পাল্লেকেলেতে গ্রুপ দুইয়ের ম্যাচে ৯ উইকেটে ১৪৬ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। জবাবে ২০ বল আগে ৯৫ রানে গুটিয়ে যায় লঙ্কানরা।

১৪ বলে ২১ রানের ইনিংসের পর অফ স্পিনে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন উইল জ্যাকস।

টস হেরে ব্যাটিংয়ে নেমে লঙ্কান স্পিনারদের দাপটে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। তবে এক প্রান্ত আগলে রেখে ৩৬ বলে ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নেন সল্ট।

দুনিথ ভেল্লালেগের করা ১৫তম ওভারের দ্বিতীয় বলে ডানহাতি এই ওপেনার যখন সাজঘরে ফেরেন তখন ধুঁকতে থাকা ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১০৬ রান। এর মধ্যে ৪০ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬২ রান করেন সল্ট একাই।

এরপর লোয়ার-অর্ডারদের নিয়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন জ্যাকস। ১৯তম ওভারের শেষ দুই বলে তাকে ও জোফরা আর্চারকে তুলে নেন দিলশান মাদুশঙ্কা।

লক্ষ্য তাড়ায় পাওয়ারপ্লেতেই শুরুর পাঁচ ব্যাটারকে হারিয়ে ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায় শ্রীলঙ্কা। তৃতীয় ওভারে পাথুম নিসাঙ্কাকে (৯) তুলে নিয়ে যার শুরুটা করেন আর্চার। পরের ওভারে জোড়া আঘাত হানেন জ্যাকস। আরেক ওপেনার কামিল মিশারাকেও (৬) তুলে নেন আর্চার। ষষ্ঠ ওভারে ভেল্লালাগেকে ফেরান জ্যাকস। পাওয়ারপ্লে শেষে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩৪ রান।

এরপর অধিনায়ক দাসুন শানাঙ্কা বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করলেও তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। ৩০ রান করা লঙ্কান অধিনায়ককে ফেরান আদিল রশিদ। ১৬.৪ ওভারে মাদুশঙ্কাকে বোল্ড করে স্বাগতিকদের ইনিংস গুটিয়ে দেন এই লেগ স্পিনার। দুটি করে উইকেট নেন আর্চার ও লিয়াম ডওসন।

মন্তব্য করুন: