দ. আফ্রিকায় বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত

২৩ ফেব্রুয়ারি ২০২৬

দ. আফ্রিকায় বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত

আগামী নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজগুলোর সূচি চূড়ান্ত হয়েছে।

সোমবার ২০২৬-২৭ মৌসুমের ঘরের মাঠের সিরিজগুলোর সূচি প্রকাশ করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গ টেস্ট দিয়ে শুরু হবে এই সফর।

এবারই প্রথম জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে টেস্ট খেলবে বাংলাদেশ। ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে সিরিজের শেষ টেস্ট খেলবে তারা। ২০০৮ সালে সবশেষ এই মাঠে খেলেছিল বাংলাদেশ। এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

১ থেকে ৭ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ইস্ট লন্ডনে। গাবেখায় দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ৪ ডিসেম্বর। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে কেপ টাউনে। সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় দুপুর দেড়টায়।

১০ ডিসেম্বর কিম্বার্লিতে অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বেনোনিতে দ্বিতীয় ম্যাচটি ১২ তারিখ এবং সেঞ্চুরিয়নে তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ১৩ তারিখ।

২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা সবশেষ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। দেশটির মাটিতে সব ফরম্যাট মিলিয়ে কেবল এই দুটি জয়ই আছে তাদের।

বাংলাদেশ সিরিজের আগে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে ঘরের মাঠের মৌসুম শুরু করবে দক্ষিণ আফ্রিকা। ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের সিরিজটি। এরপর অক্টোবরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুদল। ২০১৮ সালের পর এবারই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।

ডিসেম্বর-জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টেস্ট ও ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা।

মন্তব্য করুন: