আইসিসির জানুয়ারি মাসের সেরা নারী খেলোয়াড় সোবহানা

২৮ ফেব্রুয়ারি ২০২৬

আইসিসির জানুয়ারি মাসের সেরা নারী খেলোয়াড় সোবহানা

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে দুর্দান্ত পারফরম্যান্স করে আইসিসির জানুয়ারি মাসের মেয়েদের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সোবহানা মোস্তারি।

ছেলেদের মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল।

শনিবার গত মাসের সেরা খেলোয়াড়দের নাম ঘোষণা করে আইসিসি।

মাসসেরার পুরস্কার জিততে সোবহানা পেছনে ফেলেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার টারা নরিসকে।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশকে তোলার পথে বড় অবদান রাখেন সোবহানা। গত মাসে নেপালে অনুষ্ঠিত বাছাইপর্বে খেলা ছয় ম্যাচে ৪৫ দশমিক ৮০ গড় ও ১৪৫ দশমিক ৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন ডানহাতি এই ব্যাটার।

সেখানে থাইল্যান্ডের বিপক্ষে ৪২ বলে ৯ চার ও এক ছক্কায় ৫৯ রান করেন সোবহানা। এটি ছিল টি-টুয়েন্টি ক্যারিয়ারে তার প্রথম ফিফটি। স্কটল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে খেলেন ৪৭ রানের ইনিংস। বাকি চার ইনিংসের তিনটিতেই ত্রিশোর্ধ ইনিংস খেলেন এই মিডল-অর্ডার ব্যাটার। সঙ্গে অফ স্পিনে একটি উইকেটও নেন তিনি।

সোবহানার দুর্দান্ত পারফরম্যান্সে টুর্নামেন্টে অপরাজিত থেকে বিশ্বকাপের মূলপর্বে ওঠে বাংলাদেশ।

অন্যদিকে ছেলেদের মাসসেরার পুরস্কার জিততে মিচেল পেছনে ফেলেন জো রুট ও সূর্যকুমার যাদবকে। ভারতের মাটিতে নিউ জিল্যান্ডের প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান রাখেন তিনি। তিন ইনিংসে ১৭৬ গড়ে তার ব্যাট থেকে আসে ৩৫২ রান।

২-১ ব্যবধানে জেতা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুটিতে সেঞ্চুরি হাঁকান ডানহাতি এই ব্যাটার। সিরিজ সেরার পুরস্কার জেতার পাশাপাশি ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও ওঠেন তিনি।

এছাড়া ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১৮৬ দশমিক ৫৬ স্ট্রাইক রেটে ১২৫ রান করেন মিচেল।

মন্তব্য করুন: