বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার প্রেস্তিয়ান্নির নিষেধাজ্ঞা চান এমবাপ্পে
১৮ ফেব্রুয়ারি ২০২৬
বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ান্নিকে চ্যাম্পিয়নস লিগ থেকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ প্রথম লেগে স্প্যানিশ ক্লাবটির ১-০ গোলে জয়ের ম্যাচে প্রতিপক্ষের এই খেলোয়াড় এমবাপ্পে সতীর্থ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসুস জুনিয়রের উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে।
তবে এই অভিযোগ অস্বীকার করে প্রেস্তিয়ান্নি জানান, ভিনিসুস তার কথা ভুল শুনেছেন।
লিসবনে ম্যাচের দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ভিনিসুসের বাঁকানো শটে রিয়াল এগিয়ে যাওয়ার পরপরই এই ঘটনা ঘটে।
টেলিভিশনের ফুটেজে দেখা যায়, প্রেস্তিয়ান্নি নিজের জার্সি দিয়ে মুখ ঢেকে কিছু বলেন, যা ভিনিসুস ও তার সতীর্থরা বর্ণবাদী মন্তব্য হিসেবে ব্যাখ্যা করেন। এরপর রেফারি ফিফার বর্ণবাদবিরোধী প্রটোকল কার্যকর করে ১১ মিনিটের জন্য খেলা বন্ধ রাখেন।
ফুটেজে আরও দেখা যায়, ক্ষুব্ধ এমবাপ্পে প্রেস্তিয়ান্নির মুখোমুখি হয়ে তাকে “একজন জঘন্য বর্ণবাদী” বলেন।
খেলা আবার শুরু হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভিনিসুস ও এমবাপ্পে বল স্পর্শ করলেই গ্যালারি থেকে জোরালোভাবে বিদ্রুপ করা হয়। তবে উত্তেজনা বাড়লেও ম্যাচটি শেষ পর্যন্ত আর কোনো বাধা ছাড়াই শেষ হয়।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে প্রেস্তিয়ান্নি লেখেন, “আমি পরিষ্কার করে বলতে চাই, আমি কোনো সময় ভিনি জুনিয়রকে বর্ণবাদী মন্তব্য করিনি। দুর্ভাগ্যবশত তিনি ভুল বুঝেছেন।”
“আমি কখনো কারও প্রতি বর্ণবাদী আচরণ করিনি এবং রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের কাছ থেকে পাওয়া হুমকিতে আমি দুঃখিত।”
এমবাপ্পে দাবি করেন, তিনি প্রেস্তিয়ান্নিকে ভিনিসুসের উদ্দেশে একই বর্ণবাদী মন্তব্য কয়েকবার করতে শুনেছেন। এই অভিযোগ রিয়ালের ফরাসি মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনিও করেন।
এমবাপ্পে জানান, তিনি মাঠ ছাড়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু ভিনিসুস তাকে খেলা চালিয়ে যেতে রাজি করান।
“ইউরোপের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতায় এমন আচরণ করা কোনো খেলোয়াড়কে আমরা মেনে নিতে পারি না। এই লোক (প্রেস্তিয়ান্নি) আর চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্য নয়।”
“আমাদের ঘরে বসে খেলা দেখা শিশুদের জন্য উদাহরণ তৈরি করতে হবে। আজ যা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ পুরো বিশ্ব আমাদের দেখছে।”
প্রেস্তিয়ান্নি ক্ষমা চেয়েছেন কি না জানতে চাইলে এমবাপ্পে বলেন, “অবশ্যই না।”
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ভিনিসুস নিজের হতাশার কথা প্রকাশ করেন।
“বর্ণবাদীরা মূলত কাপুরুষ। তারা নিজেদের দুর্বলতা লুকাতে জার্সি দিয়ে মুখ ঢাকে। কিন্তু তারা অন্যদের সুরক্ষা পায়, যাদের দায়িত্ব ছিল তাদের শাস্তি দেওয়া। আজ যা ঘটেছে, তা আমার বা আমার পরিবারের জীবনে নতুন কিছু নয়।”
স্পেনে ২০২২ সাল থেকে ভিনিসুসকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণের অভিযোগে ১৮টি আইনি অভিযোগ দায়ের করা হয়েছে।
আগামী বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে দ্বিতীয় লেগে আবার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বেনফিকা।















মন্তব্য করুন: