‘বর্ণবাদীর সাফাই গেয়ে মরিনিয়ো ভুল করেছেন’

১৮ ফেব্রুয়ারি ২০২৬

‘বর্ণবাদীর সাফাই গেয়ে মরিনিয়ো ভুল করেছেন’

চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১-০ গোলের জয়ের পর ভিনিসুস জুনিয়রের গোল উদযাপনের ধরনের সমালোচনা করে জোসে মরিনিয়ো বর্ণবাদী আচরণের পক্ষে সাফাই গেয়েছেন বলে মনে করছেন রিয়ালের সাবেক মিডফিল্ডার ক্লারেন্স সিডোর্ফ।

মঙ্গলবার লিসবনে নকআউট পর্বের প্লে-অফের প্রথম লেগের ম্যাচের ৫০তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেওয়ার পর কর্নার ফ্ল্যাগের কাছে নেচে উদযাপন করেন ভিনিসুস। এই উদযাপনের পরপরই বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ান্নিসহ বেশ কয়েকজন খেলোয়াড়ের সাথে তার কথা কাটাকাটি হয়।

এরপর ভিনিসুস অভিযোগ করেন প্রেস্তিয়ান্নি তাকে বর্ণবাদী গালি দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেফারি উয়েফার বর্ণবাদ বিরোধী প্রোটোকল চালু করলে প্রায় ১১ মিনিট খেলা বন্ধ থাকে। সেই সময় মরিনিয়ো দুই খেলোয়াড়ের সাথেই মাঠে কথা বলেন।

ম্যাচ শেষে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে মরিনিয়ো বলেন, “ভিনিসুস এক কথা বলছে, আর প্রেস্তিয়ান্নি বলছে অন্য কথা। আমি প্রেস্তিয়ান্নিকে শতভাগ সমর্থন করছি না, আবার ভিনিসুস যা বলছে তাও সত্য কি না জানি না।

আমি শুধু জানি যে গোল হওয়ার আগ পর্যন্ত এটি একটি দুর্দান্ত ম্যাচ ছিল। এরপর ভিনিসুস এমন একটি গোল করেছে যা কেবল সে অথবা এমবাপ্পের পক্ষেই সম্ভব। এমন গোলের পর তার উচিত ছিল সতীর্থদের কাঁধে চেপে মাঠ ছাড়া, গ্যালারির ৬০ হাজার মানুষকে ক্ষেপানো নয়।

সাম্প্রতিক বছরগুলোতে স্পেনের বিভিন্ন স্টেডিয়ামে ভিনিসুসের বারবার বর্ণবাদের শিকার হওয়ার প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনে রিয়ালের সাবেক কোচ মরিনিয়ো বলেন, “এখানে কিছু ভুল রয়েছে কারণ এটা প্রতিটা স্টেডিয়ামেই ঘটছে। যে কোনো স্টেডিয়ামে ভিনিসুস যখন খেলে তখন কিছু না কিছু হয়। সবসময়।

মরিনিয়োর এমন মন্তব্যের কড়া সমালোচনা করে রিয়ালের সাবেক ডাচ মিডফিল্ডার অ্যামাজন প্রাইমে তিনি বলেন, “আমার মনে হয় তিনি এখনও আবেগি হয়ে আছেন। বর্ণবাদী আচরণের সাফাই গেয়ে তিনি আজ অনেক বড় ভুল করেছেন। তিনি বলছেন ভিনিসুস যখন আপনাকে উষ্কানি দিবে তখন বর্ণবাদী হওয়া ঠিক আছে। আমার মতে, এটা একদমই ভুল।

আমাদের কখনোই বর্ণবাদী আচরণের সাফাই গাওয়া উচিত নয়। ভিনিসুস অগণিতবার এই আচরণের শিকার হয়েছে। আমি জানি মরিনিয়োও মন থেকে আমার সঙ্গে একমত হবেন। কিন্তু আমি মনে করি, তিনি নিজেকে একটু ভুলভাবে উপস্থাপন করেছেন।

অন্যদিকে রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করায় ম্যাচের ৮৫তম মিনিটে লাল কার্ড দেখেন মরিনিয়ো। ফলে আগামী বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি লেগে বেনফিকার ডাগআউটে দাঁড়াতে পারবেন না এই পর্তুগিজ কোচ।

আমি খুব স্পষ্ট একটি সত্য কথা বলায় আমাকে বের করে দেওয়া হয়েছে। রেফারির কাছে একটি তালিকা ছিল যেখানে চুয়ামেনি, কাররেরাস ও হাউসেনের মতো খেলোয়াড়দের হলুদ কার্ড না দেওয়ার ইঙ্গিত ছিল। আমি রেফারির সেই পক্ষপাতিত্ব নিয়ে কথা বলাতেই আমাকে কার্ড দেখানো হয়েছে। আমরা জানি আসলে ভেতরে কী কাজ করে।

মন্তব্য করুন: