ভিনিসুসকে উদ্দেশ্য করে বর্ণবাদের অভিযোগ তদন্তের ঘোষণা উয়েফার

১৯ ফেব্রুয়ারি ২০২৬

ভিনিসুসকে উদ্দেশ্য করে বর্ণবাদের অভিযোগ তদন্তের ঘোষণা উয়েফার

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসুস জুনিয়রকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগের তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে উয়েফা।

বুধবার এক বিবৃতিতে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, ঘটনার তদন্তে একজন নীতি ও শৃঙ্খলা পরিদর্শককে নিয়োগ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বের প্লে-অফের প্রথম লেগে বেনফিকার মাঠে রিয়ালের ১-০ গোলে জয়ের ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ভিনিসুসের গোল উদযাপনের পর এই ঘটনার সূত্রপাত। উদযাপনের পরপরই বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ান্নিসহ বেশ কয়েকজন খেলোয়াড়ের সাথে তার কথা কাটাকাটি হয়।

এরপর ভিনিসুস অভিযোগ করেন প্রেস্তিয়ান্নি তাকে বর্ণবাদী গালি দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেফারি উয়েফার বর্ণবাদ বিরোধী প্রোটোকল চালু করলে প্রায় ১১ মিনিট খেলা বন্ধ থাকে।

ঘটনার সময়ের টিভি ফুটেজে দেখা যায়, জার্সি দিয়ে মুখ দিয়ে ঢেকে কিছু একটা বলছেন প্রেস্তিয়ান্নি। সেই কথা শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ভিনিসুস ও আশেপাশে থাকা তার সতীর্থরা।

ম্যাচের পর কিলিয়ান এমবাপ্পে অভিযোগ করেন, জার্সিতে মুখ ঢেকে ভিনিসুসকে পাঁচবার বানর বলেছেন প্রেস্তিয়ান্নি। গত কয়েক বছর ধরে স্পেনের বিভিন্ন মাঠে বর্ণবাদের শিকার হওয়া ভিনিসুস সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে বর্ণবাদীদের কাপুরুষ হিসেবে আখ্যা দেন।

এক প্রতিবেদনে ইএসপিএন জানায়, অভিযোগ প্রমাণিত হলে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে অন্তত ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন প্রেস্তিয়ান্নি।

এই ঘটনায় প্রেস্তিয়ান্নির পাশে দাঁড়িয়েছে তার ক্লাব বেনফিকা। তাদের দাবি, রিয়ালের খেলোয়াড়রা সে সময় প্রেস্তিয়ান্নির থেকে দূরে ছিল। ফলে স্টেডিয়ামের আওয়াজের মধ্যে এমন কিছু শোনার কথা নয়।

অন্যদিকে ২০ বছর বয়সী প্রেস্তিয়ান্নি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, তার কথা ভুল শুনেছেন ভিনিসুস।

আগামী বুধবার ফিরতি লেগে সান্তিয়াগো বের্নাবেউয়ে মুখোমুখি হবে দুই দল।

মন্তব্য করুন: